
বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর ন্যূনতম বয়স হতে হবে ছয় বছর। আগে এ বয়স ছিল পাঁচ বছর।
ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে সরকার
নীতিমালায় এলাকাভিত্তিক সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। মফস্সল এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীতে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নেওয়া যাবে।
এই ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না
একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে সেশন চার্জ নেওয়া যাবে। তবে কোনোভাবেই পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না।
এ ছাড়া দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
আবেদন ফরমের মূল্যেও সীমা
প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব প্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায় করতে পারবে।
ভর্তি ফি ও বেতন বৃদ্ধির ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ
নীতিমালায় ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে মানসম্মত ও শ্রেণি উপযোগী প্রশ্নপত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস, উপযুক্ত আসনবিন্যাস এবং যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি ফি বা অন্য কোনো খাতে নির্ধারিত সীমার বাইরে অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।