👁 317 Views

আশুলিয়ায় গ্যাস লিকেজ: বিস্ফোরণে দগ্ধ ৪

সাভারের আশুলিয়ায় একটি টিনশেড বাড়িতে সিলিন্ডারের গ্যাস লিকেট থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) রাতে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) এবং আলেয়া নূর (৩৫)। তারা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া জোবেদা বেগম রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তিনিসহ আশপাশে থাকা বাকিদের শরীরেও আগুন ধরে যায়।

আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে কয়েকটি ঘর থেকে চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে। চারজনের মধ্যে নজরুলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের অবস্থা ভালো বলে জানা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটতে পারে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গতরাতে আশুলিয়ায় একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *