👁 212 Views

স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন পরকীয়া প্রেমিকের ফাঁসি

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার বরুড়ায় শরীফ উদ্দিন নামে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তাকে হত্যার দায়ে তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ওই স্ত্রীর পরকীয়া প্রেমিককে মৃত্যুদন্ড (ফাঁসি) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

            গত ২৩শে জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার রাষ্টপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আবু ইউসুফ মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

            দন্ডপ্রাপ্তরা হলেন- জেলার বরুড়া উপজেলার চেঙ্গাছাল এলাকার নাসিরুল আলমের ছেলে আশিকুজ্জামান (২৭) ও বরুড়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরিফ উদ্দিনের স্ত্রী মোনালিসা হিমু (২৮)। নিহত শরিফ উদ্দিন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তিনি বরুড়া আড্ডা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ ছিলেন।

            অ্যাডভোকেট আবু ইউসুফ মুন্সি জানান, ২০২০ সালের ১৫ই জানুয়ারি রাতে কুমিল্লার বরুড়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফ উদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করা হয়। পরদিন থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। পরে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসে।

            মামলার চার্জশিটে আসামি করা হয় হিমু ও তার প্রেমিক আশিকুজ্জামানকে। এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

            তিনি আরো জানান, নিহত শরিফের স্ত্রী হিমু তার পরকীয়া প্রেমিকের সহযোগিতায় স্বামীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ মামলায় হিমুর ৩টি নাবালক সন্তান থাকায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর আসামি আশিকুজ্জামানকে মৃত্যুদন্ডের সাজা দেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *