
শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা ও বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেছেন, দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ূন কবির বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে রয়েছে। দেশের সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রিফিংয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তবে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার অভিযোগও তুলে ধরা হয়।
এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।