নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুর থেকে মোহাম্মদ রাফি (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার বেলা ১১টার দিকে পৌরসভার মধ্যম চাঁন্দিশকরায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শিশুটি চাঁন্দিশকরা মধ্যমপাড়ার মো. শহীদুল ইসলাম রাজুর ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

            নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৪টার পর থেকে রাফিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে একই দিন রাত ১০টায় চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন বেলা ১১টার দিকে পৌরসভার মধ্যম চাঁন্দিশকরায় নিখোঁজ শিশুর বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখেন হাজি রইচ রহমান নামে প্রতিবেশী এক বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

            শিশুর পিতা রাজু বলেন, ‘কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার ছেলে রাফি নিহত হওয়ার কারণ অনুসন্ধান করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানাই।’

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *