👁 25 Views

শপথ নিলেন ৭ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার: মন্ত্রিসভায় নতুনভাবে যুক্ত হচ্ছেন আরও ৭ জন প্রতিমন্ত্রী। নতুন ৭ জনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে শুক্রবার (১লা মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নওগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদ এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন।
এছাড়া প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খান।
সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী প্রেসিডেন্ট এ ৭ জনকে সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নতুন ৭ প্রতিমন্ত্রী শপথ নেন আজ শুক্রবার সন্ধ্যায়। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। শপথ নেয়ার পর তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এখন নতুন করে আরও ৭ জন প্রতিমন্ত্রী নিয়োগ দেয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা হলো প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এরমধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।
নতুন সরকার গঠনের এক মাস ২০ দিনের মাসের মাথায় মন্ত্রিসভার আকার বাড়লো। গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। পরে ১০ই জানুয়ারি শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর ১১ই জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা, ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন।
নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *