👁 244 Views

চাটখিলে ফসলি জমির মাটি কেটে নেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে ফসলি জমি কেটে মাটির ব্যবসা পরিচালনা করায় দুই মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (২৪শে এপ্রিল) কৃষি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ২৩শে এপ্রিল চাটখিলে কৃষি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরেক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।

            গত বুধবার (২৪শে এপ্রিল) চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাটি ব্যবসায়ী আবুল কালামকে (৪৭) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

            এর আগে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীনের নেতৃত্বে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বানসা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে কৃষি জমির মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মোঃ হারুনুর রশিদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।

            স্থানীয় এক বাসিন্দা রফিকুল হুসাইন বলেন, ‘উপজেলার বিভিন্ন জায়গায় কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রæত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযানেও এসব মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ হয় না। আমরা চাই, এসব অবৈধ মাটি কাটা ও পরিবহনে স্থায়ীভাবে বন্ধ হোক।’

            চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারেই তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। জনকল্যাণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’

            ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বারসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ ও আনসার সদস্যরা।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *