👁 363 Views

বিয়ের এক সপ্তাহের মাথায় স্বামীর মৃত্যুঃ আইসিইউতে স্ত্রী

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচং উপজেলায় বিয়ের মেহেদির না শুকাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আকতার হোসেন নামে এক নববিবাহিত সৌদি প্রবাসী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নববধূ সুবর্ণা আক্তারকে আইসিইউতে নেয়া হয়েছে।

            গত শনিবার (৪ঠা মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের কালু ড্রাইভারের ছেলে।

            প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেলে চান্দিনার দিকে যাচ্ছিল স্বামী-স্ত্রী। পথে নিমসার এলাকায়  পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আকতার হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্ত্রী সুবর্ণা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে আইসিইউতে ভর্তি করান চিকিৎসক।

            জানা গেছে, আকতার হোসেন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থেকে ছুটিতে বাড়িতে এসে গত ২৭শে এপ্রিল কুমিল্লা সদর উপজেলার শংকরপুর গ্রামে বিয়ে করেন। শুক্রবার (৩রা মে) মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান এবং শনিবার স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, এক শনিবার বিয়ে করেছেন, আর পরের শনিবার বাড়িতে এলো তার লাশ। এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

            ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনা পরপর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। পরে খোঁজ নিয়ে মরদেহ উদ্ধার করলেও পরিবারের দাবিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *