👁 430 Views

লালমাইয়ে মেঘনা কোল্ডস্টোরেজে মজুদ ৪ লাখ ডিম নিলামে ৬ টাকা দরে বিক্রি

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে একটি হিমাগারে অবৈধভাবে মজুদ করা ৪ লাখ ২৭ হাজার ডিম জব্দের পর নিলামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার (৫ই জুলাই) উপজেলার বরল এলাকায় অবস্থিত মেঘনা কোল্ডস্টোরেজ থেকে এই ডিম নিলামে বিক্রি করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব ডিম জব্দ করা হয়।

            লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, ডিম বিক্রির ২৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এর আগে গত ১৬ই মে মেঘনা কোল্ডস্টোরেজ থেকে ২১ লাখ ডিমের অবৈধ মজুদ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। সেসময় এই কোল্ডস্টোরেজকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৪৮ ঘণ্টার মধ্যে জব্দকৃত ডিম বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।

            ইউএনও মুহাম্মদ হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় বিভিন্ন কোল্ডস্টোরেজে অবৈধ মজুত আছে কী না জানতে- অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে ৪ঠা জুন সন্ধ্যায় লালমাই উপজেলার বরল এলাকার মেঘনা কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ডিমের মজুদ সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার অবৈধভাবে মজুদকৃত ডিম নিলামে বিক্রি করেন এবং অবৈধ মজুদদারির দায়ে কোল্ডস্টোরেজকে ১ লাখ টাকা জরিমানা করেন।’

            তিনি আরও বলেন, ‘কৃষি বিপণন আইন অনুযায়ী, ডিমের ক্ষেত্রে সরকারি অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ১০ থেকে ১৫ দিন মজুদ রাখা যায়। এখানে গিয়ে দেখা গেছে, মাসের পর মাস ধরে মজুদ করা হয়েছে। তার মানে এসব অবৈধ মজুদ। এর আগেও এই কোল্ডস্টোরেজ থেকে ২১ লাখ ডিমের অবৈধ মজুদ জব্দ করে বাজারে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছিল।’

            উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ৪ লাখ ২৭ হাজার ডিম ২৬ লাখ ৯৮ হাজার টাকা মূল্যে নিলামে বিক্রি করা হয়। হিসেব মতে, প্রতিটি ডিমের দাম প্রায় ৬ টাকা দরে বিক্রি করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *