পুলিশের সাবেক ২ আইজিপি রিমান্ডে

ষ্টাফ রিপোর্টারঃ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিন ও সাবেক আইজিপি শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ থাকে যে, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ও মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় মামুনের এ রিমান্ড দেয়া হয়। বুধবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামানের আদালত রিমান্ডের আদেশ দেন।
শহীদুল হকের রিমান্ড চেয়ে আবেদন করেন নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর মোরাদ খান। মামুনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক মোক্তারুজ্জামান। তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিণী। কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানার বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় মুদি দোকানদার আবু সায়েদ নিহত হন। এ ঘটনায় ১৩ই আগস্ট এস এম আমীর হামজা নামে তার এক স্বজন আদালতে মামলা করেন। মামলায় শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯শে জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *