👁 331 Views

লাকসামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

            ষ্টাফ রিপোর্টার॥ লাকসামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে একজন।

            গত বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) মধ্যরাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ভৈশকপালিয়ায় এ ঘটনা ঘটে। লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ও আহত সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

            নিহতরা হলোঃ লাকসাম পৌর এলাকার গুনতি গ্রামের তাবারক উল্লাহ (৪২) ও উত্তরকুল এলাকার বাসিন্দা মাসুদ আলম (২৮)।

            পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাহফিল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে মহাসড়কের ভৈশকপালিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী  নিহত হন। অন্য একজনকে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

            ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচন্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও ট্রাক দু’টি যানবাহনই দ্রুতগতিতে ছিল। এ কারণেই এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাকটিকে আটক করে রাখা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *