👁 55 Views

ঈদে ১৪ই মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

            ষ্টাফ রিপোর্টার\ আগামী ১লা এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৪ই মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

            গত রোববার (৯ই মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। ঈদের আগের ৭ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

            বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ই মার্চ; ২৫শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ই মার্চ; ২৬শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ই মার্চ; ২৭শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ই মার্চ; ২৮শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ই মার্চ; ২৯শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯শে মার্চ এবং ৩০শে মার্চের টিকিট বিক্রি করা হবে ২০শে মার্চ। আরও জানানো হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১শে মার্চ, ১ ও ২রা এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *