যুক্তরাষ্ট্রে টর্নেডোর কবলে ৪০ জনের প্রাণহানি

            ষ্টাফ রিপোর্টার\ দক্ষিণ এবং মধ্যপশ্চিম যুক্তরাষ্ট্রে বিস্তৃৃত এলাকায় টর্নেডোর হানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব উপকূলগামী একটি শৈত্যপ্রবাহের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

            প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত ফ্লোরিডা, জর্জিয়াসহ আরও পাঁচটি রাজ্যে বিশেষ টর্নেডো সতর্কতা জারি ছিল। অতিবিপজ্জনক অঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে অথবা মাটির নিচে সুরক্ষিত আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

            দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার থেকে অন্তত ৪০টি ঘূর্ণিঝড়ের তান্ডব চলেছে। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত অন্তত দেড় লাখ বাড়িতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ আছে।

            যুক্তরাষ্ট্রের সরকারি মতে, টর্নেডোয় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিসৌরিতে। সেখানে ১২ জনের মৃত্যু এবং আহতের সংখ্যা তার বেশি বলে জানানো হয়েছে।

            মিসৌরি পুলিশ জানিয়েছে, টর্নেডোর ফলে বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে এবং গাছ ভেঙে পড়ায় স্থানীয় বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

            অন্যদিকে, কানসাসে আট জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যাপক ধুলোঝড়ের কারণে প্রায় ৫০টিরও বেশি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। একইরকম ধুলোঝড়ে দক্ষিণ টেক্সাসে দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্য ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চল। অ্যালাবামায় অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর।

            অন্যদিকে টর্নেডোয় ইলিনয় এবং মিসিসিপিতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩ জনের মৃত্যু হয়েছে আরকানসাসে। সেখানকার গভর্নর হাকাবি স্যান্ডার্স এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ও ত্রাণ খাতে আড়াই লাখ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *