👁 357 Views

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের আশেপাশে একাধিক স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে এসব মিছিল শুরু হয় এবং বেলা পৌনে ২টা পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে।

বেলা পৌনে ২টার দিকে মার্কিন দূতাবাসের উল্টো পাশে পদচারী সেতুর সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাঁরা গাজার ওপর চালানো ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, এবং ‘আমরা কারা, তোমরা কারা—ফিলিস্তিন ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে গুলশানে মার্কিন দূতাবাসের সামনে একদল তরুণ বিক্ষোভে অংশ নেন। তারা মহাসড়কে অবস্থান নেওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা মিছিলের সামনের সারিতে অবস্থান নেন।

প্রেসিডেন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স এবং বাংলাদেশ নৌ-বাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরাও মার্কিন দূতাবাসের সামনের মহাসড়কে বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সকাল থেকেই মার্কিন দূতাবাসের সামনে সেনা সদস্যরা কড়া অবস্থান নিয়েছেন এবং মানবপ্রাচীর তৈরি করে নিরাপত্তা জোরদার করেছেন। এলাকাটি দিয়ে যাওয়া সাধারণ মানুষকে তল্লাশিও করা হচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান দুপুর ১টা ১৫ মিনিটে জানান, সকাল ১০টার পর থেকে ভাটারা থানা এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং তা এখনো অব্যাহত আছে। বিক্ষোভকারীরা ছোট ছোট গ্রুপে এসে প্রতিবাদ জানিয়ে আবার সরে যাচ্ছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *