👁 180 Views

জাতিকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আশ্বাস দিয়েছেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্য চার নির্বাচন কমিশনার এবং কমিশন সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “আজ পর্যন্ত আপনাদের যেসব দায়িত্ব দিয়েছি, আপনারা তা সফলভাবে সম্পন্ন করেছেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করেছেন। এখন নির্বাচনসংক্রান্ত যে কাজগুলো বাকি আছে, সেগুলোর অনেকটাই এগিয়ে গেছে। এখন আমাদের একসঙ্গে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ইনশাআল্লাহ, আমরা জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।”

তিনি আরও বলেন, “আমাদের শপথ হচ্ছে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। কোনো রাজনৈতিক দলের অনুগামী না হয়ে, শুধুমাত্র আইন ও বিবেকের ভিত্তিতে কাজ করা আমাদের লক্ষ্য।”

সিইসি নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করে বলেন, “আমরা রেফারির ভূমিকায় থাকব। রাজনৈতিক দলগুলো মাঠে খেলবে, যারা ভালো খেলবে তারাই জয়ী হবে। আমাদের দায়িত্ব থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। সেই লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ।”

সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টা বারবার বলে আসছেন যে তিনি জাতিকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান। তিনি বলেন, “উনি এই প্রতিশ্রুতি শুধু দেশের মানুষের কাছেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও দিয়েছেন। এর মানে হলো, উনার আমাদের ওপর আস্থা রয়েছে বলেই এই ওয়াদা করেছেন।”

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *