👁 450 Views

চান্দিনায় পুলিশ পরিচয়ে এনজিও কর্মকর্তার বাড়িতে ডাকাতি

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনায় পুলিশ পরিচয়ে খোকন চন্দ্র পাল (৪৫) নামের এক এনজিও কর্মকর্তার বাড়িতে  ডাকাতি হয়েছে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

            গত শুক্রবার (২০শে জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখলা গ্রামের কুমার বাড়িতে এ ডাকাতি হয়। খোকন চন্দ্র পাল বেসরকারি প্রতিষ্ঠান সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) নামে একটি এনজিওতে মুরাদনগর আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

            ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে প্রথমে পুলিশ পরিচয় দিয়ে ডাকাডাকি করতে থাকে ডাকাতদল। পরে কলাপসিবল গেইট ভেঙে ফেলে। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। এতে বাধা দিতে গেলে সবাইকে মারধর করে।

            এ সময় বাড়ির অন্যরা এগিয়ে এলে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘণ্টাখানেক তান্ডব  চালিয়ে ঘরের সব কিছু তছনছ করে। এক পর্যায়ে আলমারি ভেঙে ১ লাখ ৬৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদল মুখোশ পরা থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি।

            তাদের সবার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর হবে। তাদের মধ্যে কেউ কেউ লুঙ্গি ও শর্ট প্যান্ট পরা ছিল। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

            এ ব্যাপারে চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *