👁 445 Views

আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক

            ষ্টাফ রিপোর্টার\ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশ গত এক মাসে ১৬৮টি মামলা করেছে উল্লেখ করে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেছেন, কুমিল্লায় মাদক মূলত প্রতিবেশী দেশ থেকে আসে। এটি একটি ষড়যন্ত্র। আমাদের যুব সমাজকে বিপদগ্রস্ত করতে এ কাজটি করা হচ্ছে। দেশে বর্তমানে যে সামাজিক অস্থিরতা বিরাজ করছে এ অবস্থায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে আটক না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। পুলিশ চাঁদাবাজদের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেন।

            গত রোববার (১৩ই জুলাই) জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি দেশে সংঘটিত নির্মম হত্যাকান্ড আমাদের হৃদয়কে ভীষণভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনের হত্যাকান্ডের ঘটনা সারা দেশের মানুষকে অনেকটা আতংকে ফেলেছে। একটি জলজ্যান্ত মানুষকে পিটিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে, অথচ এ ঘটনাস্থলের আশপাশে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছে। কেউ কিছু বলছে না। এমনটা হতে পারে না। আমাদের মানবিক হওয়া প্রয়োজন। বিবেককে শাণিত করা প্রয়োজন। মানুষের দুঃখে সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।

            জেলা প্রশাসক আরো বলেন, কুমিল্লায় গুরুতর অপরাধের মধ্যে ধর্ষণের ঘটনা বেড়েছে, এর পাশাপাশি চাঁদাবাজির ঘটনাও বেড়েছে। মাদকের অপব্যবহার ও চোরাচালান বেড়েছে। কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ ও মাদক সহনীয় পর্যায়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ সকল কিছুর নিয়ন্ত্রণ করা একা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়।

            তিনি বলেন, কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে রাজনৈতিক নেতাদের ভূমিকা রাখতে হবে। স্বেচ্ছা সেবকদের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী ও পুকুর ভরাট রোধ করতে হবে। গ্রাম আদালতকে অধিক কার্যকর করতে হবে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিকতা যাচাই বাছাইয়ে কড়াকড়ি করতে হবে।

            সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোঃ আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী, আদর্শ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা, কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী দীন মোহাম্মদ, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাহাবুবুর রহমান, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *