
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা চাকরির দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়। এতে তিন শতাধিক প্রার্থী অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও সপ্তম গণবিজ্ঞপ্তিতে তাঁরা নিয়োগের সুপারিশ পাননি। বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্য পদ না থাকা এবং আগে নিয়োগের সুপারিশ পাওয়া প্রার্থীদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় তাঁরা বঞ্চিত হয়েছেন বলে দাবি তাঁদের।
প্রার্থীরা জানান, নিয়োগের দাবিতে ইতিমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে কর্মসূচিও পালন করেছেন তাঁরা।
তাঁদের ভাষ্য, গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে এনসিটিবি ভবনে তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সে সময় মন্ত্রী তাঁদের দাবি শোনেন এবং এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন।
এদিকে রোববার বেলা দুইটার দিকে আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়। ওই বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরীক্ষায় পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। তাঁদের মধ্যে ১৭তম নিবন্ধনসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৪০ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন।