অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করছে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশসহ বিভিন্ন বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও উন্নত আইন প্রণয়ন করা হবে।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অধ্যাদেশে যেসব বিষয় ছিল, তার সবই নিখুঁত নয়। “আমি নিজেই গুমের শিকার। গুম নিয়ে আরও ভালো আইন করা হবে,” বলেন তিনি।

তিনি আরও জানান, সংসদে বিরোধী দল একাধিকবার ওয়াকআউট করেছে, যা সংসদের নিয়ম অনুযায়ী তাদের অধিকার হলেও যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছে, তা সঠিক ছিল না। পাশাপাশি সংসদের বাইরে ভুল তথ্য দিয়ে ব্রিফ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

জুলাই স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তিনি বলেন, কিউরেটর স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেখানে দীর্ঘ সময় অবস্থানের মতো পরিস্থিতি তৈরি হতো। তবে সরকার বিষয়টি সংশোধন করেছে এবং ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নতুন বিল আনা যেতে পারে।

গণভোট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করেছে। তবে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এই গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে আদালতে রিটও হয়েছে।

তিনি দাবি করেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার বৈধতা রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও গণভোট আয়োজন করা হতে পারে, তবে এখন নতুন কোনো আইনের প্রয়োজন নেই।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *