এক দিন অনলাইন, পরদিন সশরীর: নতুন পরিকল্পনা স্কুল–কলেজে

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীর মিলিয়ে ব্লেন্ডেড ক্লাস চালুর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাব অনুযায়ী সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদান রাখা হতে পারে।

পরিকল্পনায় বলা হয়েছে, এক দিন অনলাইন ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস হবে—এভাবে পর্যায়ক্রমে পুরো সপ্তাহের সময়সূচি সাজানো হবে। তবে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাস সশরীরেই নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এটি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ ও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে বিকল্প হিসেবে মিশ্র পদ্ধতির কথা ভাবা হচ্ছে।

মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ অংশীজন অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

এদিকে শিক্ষাবিদরা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সশরীর ক্লাসের পূর্ণ বিকল্প এখনো তৈরি হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে অনলাইন ও সশরীর মিলিয়ে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *