ভারতে পালানোকালে সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ ২ সহযোগী আটক

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় এমপি বাহারের ঘনিষ্ঠ সহযোগী টাইগার টিপুসহ ২ জনকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার।

            আটক ব্যক্তি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সহ.সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান (টাইগার টিপু)। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের ঠাকুরপাড়া এলাকার নসিব উল্লাহর ছেলে। অপর ব্যক্তি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মানরা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মারজানুর রহমান (৪৮)।

            জানা গেছে, মো. টিপু সুলতান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করে গোলাগুলিসহ বিভিন্ন হামলা ও নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন। আগে থেকেই তিনি ঠাকুরপাড়াসহ আশপাশের এলাকায় স্থানীয়দের অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাখতেন। বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেওয়ায় টাইগার টিপু নামে তার পরিচিতি রয়েছে। তা ছাড়া কোতোয়ালি মডেল থানায় তার নামে বিভিন্ন অপরাধে ২টি মামলা রয়েছে।

            বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জন ভারতে পলায়নের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির একটি দল সীমান্ত পিলার ২০৭৮/এম থেকে ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর পাকা সড়ক এলাকায় তাদের মোটরসাইকেলসহ আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটকদের কোতোয়ালি মডেল থানায় পাঠানো হয়েছে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *