সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে এই সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবার (১৮ এপ্রিল) একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ১০, ১১ ও ১২ এপ্রিল তিন দিন ধরে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের অতিরিক্ত ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।

তিন দিনে প্রায় ১ হাজার ৩০০টি ফরম বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ নির্বাচনে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জন্য নির্ধারিত রয়েছে ৩৬টি আসন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *