সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯ সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে প্রাথমিক শিক্ষায় শুরু হচ্ছে নতুন করে বৃহৎ পরিসরের জনবল নিয়োগপ্রক্রিয়া।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় দৈনিকে ১০ হাজার ২১৯ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।’

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি, যার চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।

তবে সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ঘটে। পরে ত্রুটি সংশোধন করে ২ নভেম্বর নতুনভাবে প্রকাশিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫। নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে, ফলে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও এবার সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।

নতুন বিধিমালা অনুযায়ী, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদের প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়সসীমা উভয় পদের জন্য ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গত ২৮ অক্টোবর বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “সারা দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব, এবং নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হবে।”

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *