
ইসরাইলের পার্লামেন্ট নেসেটে পাস হওয়া একটি বিলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। সংস্থাটি এটাকে ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে। বিলটিতে ইসরাইলের মসজিদগুলোতে লাউডস্পিকারের মাধ্যমে আজান প্রচারে বিধিনিষেধ আরোপের প্রস্তাব রাখা হয়েছে।
ওআইসি এক বিবৃতিতে বলেছে, এই বিল ‘অকার্যকর ও বাতিলযোগ্য একটি পদক্ষেপ’ এবং এটি ‘বৈষম্যমূলক ও বর্ণবাদী প্রকৃতির একটি আইনগত অপরাধ’। সংস্থাটির মতে, এ উদ্যোগ ধর্মীয় স্বাধীনতা, ইবাদতের অধিকার এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনে নিশ্চিত সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
১২০ সদস্যের নেসেটে বিলটি ৫০-৩৬ ভোটে পাস হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো মসজিদে শব্দবর্ধক যন্ত্র স্থাপন বা ব্যবহার করা যাবে না। তবে বিলটি এখনই আইনে পরিণত হচ্ছে না। কার্যকর আইন হতে হলে এটি আরও তিনটি পর্যালোচনা (রিডিং) পাস করতে হবে।
ওআইসি আরও বলেছে, এই বিল ফিলিস্তিনি উপস্থিতি সীমিত করা এবং আরব ও ইসলামি পরিচয়কে লক্ষ্যবস্তু বানানোর উদ্দেশ্যে নেওয়া ইসরাইলের ধারাবাহিক বৈষম্যমূলক সিদ্ধান্ত, আইন ও পদক্ষেপের একটি বিপজ্জনক সম্প্রসারণই বটে। Courtesy: somoynews