👁 224 Views

আল্লামা লুৎফুর রহমানের জানাজায় লক্ষীপুরে লাখো মানুষের উপস্থিতি

            ষ্টাফ রিপোর্টার\ লক্ষীপুরে লক্ষাধিক ভক্ত, অনুরাগীর উপস্থিতিতে বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, প্রবীণ আলেমে দ্বীন আল্লামা লুৎফুর রহমান সাহেবের জানাজা সম্পন্ন হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৮টায় রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

            জানাজায় ইমামতি করেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসুল (সা:) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।

            এছাড়া জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোঃ শাহজাহান, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির জনাব রুহুল আমিন ভূইয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমদ, জেলা নায়েবে আমির জনাব এ আর হাফিজ উল্যাহ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, করপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জা জাহিদুল ইসলাম প্রমুখ।

            অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন ড. খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, মাহমুদুর রহমান দেলোয়ার, মোল্লা নাজিমুদ্দিন, অধ্যক্ষ জায়েদ হোসেন ফারুকী, সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন তাহের জাবেরী আল মাদানী-সহ দেশ বরণ্য ওলামায়ে কেরাম ও মরহুমের পরিবারের সদস্যরা। এ সময় দল-মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন।

            উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৮টায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে, গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে।

            ওলামায়ে কেরাম তাদের বক্তব্যে বলেন, ‘তিনি দীর্ঘ ৫৪ বছর কুরআনের তাফসির পেশ করেছেন, দেশের প্রতিটি জেলা, উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, কোরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সমূহ এবং বিশ্বের আরো বহু দেশেও কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন।’

            ওলামায়ে কেরাম আরো বলেন, ‘উনার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তারপরও আশা প্রকাশ করেন, উনার জীবনী থেকে শিক্ষা নিয়ে হাজারো দ্বীনের দ্বায়ী তৈরি হবে, উনার রেখে যাওয়া কাজ সম্পন্ন করবে।’

            এ সময় সকল বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন। এছাড়া তাঁরা গোটা দেশবাসীর কাছেও দোয়া কামনা করেছেন।

            বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় আলেম ইসলামি আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেনস্ট্রোক করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

            গত ৩রা মার্চ (রবিবার) বেলা ৩টায় ইন্তেকাল করেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নূরানী মাদরাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মাহমুদ।

            উল্লেখ্য, ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান ৫ কন্যা ও ২ ছেলের জনক। দেশব্যাপী তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। জনপ্রিয় এই ইসলামি আলোচকের ইন্তেকালের খবরে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন অনেকেই। অনেকেই তার রূহের মাগফিরাত কামনা করেছেন। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ।

            শোক জানিয়ে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, বর্ষিয়ান আলেমে দীন ও দায়ী ইলাল্লাহ মাওলানা লুতফুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন, ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। তার শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।

            এর আগে ১৪ই ফেব্রæয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। মাওলানা লুৎফুর রহমান লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। বক্তা হিসাবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে।

            আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *