ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী

সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী। এদিনের কর্মসূচির মধ্যে ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ. টি. এম. শামসুল ইসলাম, জাহের উর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি শনিবার সরকারি ছুটির দিনেও তিনি অফিস করছেন। গত শনিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *