
ষ্টাফ রিপোর্টার\ আগামী বছরের হজে বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি আরব। এই হজে যাওয়ার জন্য আগামী ২৪শে সেপ্টেম্বর নিবন্ধন শেষ হবে। গত গত বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা নিবন্ধনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় জানায়, গত ৯ই সেপ্টেম্বর পর্যন্ত দেড় মাসে ৩ হাজার ৭৪১ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন হজযাত্রী নিবন্ধন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭শে জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ২৪শে সেপ্টেম্বর নিবন্ধন শেষ হবে। এরপর আর কোনো সময় বৃদ্ধির সুযোগ নেই। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ পাঠানো, মেডিক্যাল চেকআপ, ফিটনেস সনদ, টিকা দেয়া, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম নেয়া হবে।