কুমিল্লা সীমান্তে ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে এক দিনে পৃথক অভিযান চালিয়ে ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডীদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদা নদী, শশীদল ও শংকুচাইল বিওপি এলাকায় এসব অভিযান চালানো হয়।

              বিজিবি জানায়, অভিযানে ভারতীয় বাসমতী চাল, বাজি, ট্যাব, শাড়ি, গরু, বিভিন্ন ধরনের শ্যাম্পু, স্কিন শাইন ক্রিম, ফুচকা, তাস, চকলেট, অলিভ অয়েল ও রেডবুল এনার্জি ড্রিংকস জব্দ করা হয়েছে। এছাড়া, নবরতœ তেল, সেভেন অয়েল, অরিও বিস্কুট, কিশমিশ ও লাগেজও রয়েছে জব্দ তালিকায়।

              একই অভিযানে গাঁজা, মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য এবং চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক ও মোটরসাইকেল জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ৮৫ লাখ ৪৬ হাজার ৬০০ টাকা।

              সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পর এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

              বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *