
নিজস্ব প্রতিনিধি\ দৈনিক ইনকিলাব পত্রিকার ভ্রাম্যমাণ সংবাদদাতা মুন্সি কামাল আতাতুর্ক মিসেলকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) বাদ আছর কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক মিসেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে ভর্তি হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ওই হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না-লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই শিশু পুত্র সন্তানসহ আত্মীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত মুন্সি কামাল আতাতুর্ক মিসেল দৈনিক ইনকিলাব পত্রিকায় মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গণমাধ্যমকর্মীদের মাঝে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জানাজায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
সাংবাদিক মুন্সি কামাল আতাতুর্ক মিসেলের মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বার্তা সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহসহ ইনকিলাব পরিবারের সঙ্গে যুক্ত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এক শোকবার্তায় ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন জানান, মুন্সী কামাল আতাতুর্ক মিসেল ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিক। তিনি দীর্ঘসময় দৈনিক ইনকিলাবের সংবাদদাতা হিসেবে চারণ সাংবাদিকতার মতো মাঠপর্যায়ে চষে বেড়িয়েছেন। গ্রামীণ জনপদের নানা অনিয়ম, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট এবং সংবাদের পেছনের প্রকৃত সত্য অত্যন্ত সাহসিকতার সাথে ফুটিয়ে তুলেছেন তিনি। ইনকিলাব পরিবারে তাঁর এই অসামান্য অবদান ও কর্মনিষ্ঠা চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
সম্পাদক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসিবের প্রার্থনা জানান। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, এই অপূরণীয় ক্ষতি যেন তাঁর পরিবার ধৈর্য্যরে সাথে কাটিয়ে উঠতে পারে, সেই শক্তি আল্লাহ তাঁদের দান করুন।
এদিকে সাংবাদিক মিসেলের আকস্মিক মৃত্যুতে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সিনিয়র সহ-সভাপতি সাদিক হোসেন মামুন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, লাকসামবার্তা পত্রিকার সম্পাদক শহীদুল্লাহ ভ‚ঁইয়া, সহযোগী সম্পাদক তোফায়েল আহমেদ ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।