👁 276 Views

এটিইও নিয়োগে ফল প্রকাশ: উত্তীর্ণ ১,৬১৪ প্রার্থী, ঘিরে বিতর্ক প্রশ্নফাঁসের অভিযোগ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে (১০ম গ্রেড) নিয়োগের প্রাথমিক (এমসিকিউ) বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১ হাজার ৬১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে। গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের বাংলা (৫০), ইংরেজি (৫০), সাধারণ জ্ঞান–বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি (৪০) এবং গণিত ও মানসিক দক্ষতা (৬০) বিষয়ে মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তে কোনো ঘাটতি পাওয়া গেলে যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে।

উত্তীর্ণদের মূল আবেদনপত্র (BPSC Form 5A–Applicant’s Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নির্ধারিত কাগজপত্রসহ ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে (অফিস সময়ের মধ্যে) হাতে হাতে জমা দিতে হবে পিএসসি সচিবালয়ে, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায়।

অন্যদিকে, এ নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী। এর প্রতিবাদে গত ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জানানো হয়, “সহকারী শিক্ষা কর্মকর্তা পদে ১৯০% কমন সাজেশন” দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মতিউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ ছাড়া পরীক্ষার আগের রাত ২টা ৬ মিনিটে Zahid Khan (All Exam Helper) নামের একটি ফেসবুক পেজে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মেলে, যা আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর ১৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ স্বাধীন মিয়া নামে আরেকজনকে গ্রেপ্তার করে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দেন, পরীক্ষা বাতিল না হলে তাঁরা আইনি পদক্ষেপ নেবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *