👁 260 Views

এনবিআরের চাকরি অত্যাবশ্যকীয় ঘোষণা, কাজে যোগ না দিলে কঠোর ব্যবস্থা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব পর্যায়ের চাকরি অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রোববার দেওয়া এক বিবৃতিতে সরকার জানিয়েছে, এনবিআরের অধীন কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর কাজে ফেরার আহ্বান জানানো হচ্ছে। তারা কাজে না ফিরলে সরকার জনস্বার্থ ও অর্থনীতির সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্বল রাজস্ব ব্যবস্থাই বাজেট বাস্তবায়নের প্রধান বাধা। কর আহরণ ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এ বাস্তবতায় সরকার এনবিআরের কাঠামোগত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

তবে সরকারের অভিযোগ, কিছু কর্মকর্তা গত দুই মাস ধরে আমদানি-রপ্তানি ও রাজস্ব আদায় কার্যক্রম বাধাগ্রস্ত করে “আন্দোলনের নামে অগ্রহণযোগ্য দুর্ভোগ সৃষ্টি করছেন”। বিশেষ করে অর্থবছরের শেষ দুই মাসে এ কর্মবিরতি জাতীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। সরকার আলোচনার আহ্বান জানালেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করেছেন।

সম্প্রতি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে রাজধানীর এনবিআর ভবনসহ দেশের সব কাস্টম হাউসে কার্যক্রম বন্ধ রয়েছে। এতে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সরকার স্পষ্ট করে বলেছে, এ আন্দোলন আইনবিরোধী ও পরিকল্পিতভাবে জাতীয় স্বার্থবিরোধী, যা বন্ধ করতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *