👁 273 Views

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ বিষয়ে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখা।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁরা আগেই সরকারের প্রস্তাবিত পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করেছিলেন।

আজ রোববার আন্দোলনের অষ্টম দিনেও তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন। এমন সময় অর্থ বিভাগ থেকে নতুন এই সিদ্ধান্তের চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, নতুন এই বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর থেকে কার্যকর হবে। এতে ছয়টি শর্ত যুক্ত করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—পরবর্তী জাতীয় বেতন স্কেল অনুযায়ী ভাতার সমন্বয় করতে হবে এবং এ ভাতা বৃদ্ধিতে কোনো বকেয়া প্রদান করা হবে না।

সম্প্রতি আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আবরারের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি সরকারের পরিকল্পনার অংশ হিসেবে মূল বেতনের পাঁচ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে শিক্ষক-কর্মচারীরা সেদিনই জানিয়ে দেন, তাঁরা এই প্রস্তাব গ্রহণ করবেন না।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *