কাঁচা মরিচের দাম কমাতে আমদানির অনুমতি, কাল থেকেই শুরু

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল (সোমবার) থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সরকারের আশা, আমদানি শুরু হলে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে মরিচের দাম কমে সহনীয় পর্যায়ে চলে আসবে।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আমদানির অনুমতির পাশাপাশি এ পণ্যের ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এর দাম ৪০০ টাকা পর্যন্ত পৌঁছে যায়, যা সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।

পরিদর্শনের সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, বাজারে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রীরা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *