👁 324 Views

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ

            নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত সোমবার (১৩ই জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করা হয়।

            বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাকির হোসেনকে প্রথমে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে প্রশাসনিক কর্মকর্তারা প্রক্টরের সাথে আলোচনায় বসেন। এরপর প্রশাসনিক কর্মকর্তা, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় জাকির হোসেনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

            এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হান্নান রহিম বলেন, “মোহাম্মদ জাকির হোসেন একজন এজাহারভুক্ত আসামি। তার নামে মামলা থাকায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

            কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ছাদেক হোসেন মজুমদার বলেন, “বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাকে (জাকির হোসেন) বলেছেন, যেন তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। একপর্যায়ে প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট সবাই মিলে প্রশাসনের সকলের সঙ্গে কথা বলে তাকে পুলিশের কাছে সোপর্দ হওয়ার অনুরোধ করি। অনুরোধের পরে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে সোপর্দ হন।”

            কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন বলেন, “ডিবি স্যারের নির্দেশ অনুযায়ী আমরা তাকে গ্রেপ্তার করেছি। তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

            মামলার তথ্য সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ থানায় মো. শাখাওয়াত হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন, যেখানে ১১ নম্বর আসামি জাকির হোসেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *