👁 73 Views

চাটখিলে তুচ্ছ ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাড়া নিয়ে ঝগড়ার জেরে মারধরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত কিরণ একই ইউনিয়নের প্রসাদপুর দাইবাড়ির মৃত হানিফের ছেলে। আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সিবাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে।

            পুলিশ জানায়, উপজেলার সোমপাড়া বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী মিজান। অটোরিকশা চালক কিরণ তার পূর্বপরিচিত ছিলেন। গত সোমবার বিকেলে মিজান স্ত্রী-সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অটো ভাড়া করতে বাজারে যায়। এ সময় ভাড়া নিয়ে কিরণের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে অটোচালক কিরণ মিজানের ভাড়া না নিয়ে সেখান থেকে অন্য যাত্রী নিয়ে অলিপুরে চলে যায়। রাতে অটোরিকশা চালক কিরণ বাজারে এসে বমি করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে কিরণের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনেরা মিজানের দোকানে হামলা চালিয়ে তাকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

            চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *