👁 220 Views

চাটখিলে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ রাখার নির্দেশ নির্বাহী প্রকৌশলীর

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলার কচুয়া-শাহাপুর সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এলাকাবাসী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

            সরেজমিনে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে জানা যায়, কচুয়া থেকে শাহাপুর পর্যন্ত দুই কিলোমিটার ৩০০ মিটার সড়ক ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণের কাজ পায় মেসার্স সৈকত এন্টারপ্রাইজ। গত সপ্তাহ দুয়েক আগে থেকে শাহাপুর ও কচুয়া বাজার অংশ সিসি ঢালাইয়ের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কাজের শুরুতে ইট, খোয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। এ ব্যাপারে স্থানীয় শাহাপুর বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম, মহিন উদ্দিন ও মোস্তাফিজুর রহমান এলজিইডি কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর পক্ষে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে  উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার ফিরোজ আহমেদ বিষয়টি তদন্ত করেন।

            তদন্তে ঘটনার সত্যতা পেয়ে তিনি দরপত্র অনুযায়ী মানসম্মত নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অনুরোধ করেন এবং বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে জানান।

            এ ব্যাপারে নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইনের সঙ্গে  যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খোয়া ও ইট নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত নির্মাণ সামগ্রী না আনা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

            ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তাতে সাড়া পাওয়া যায়নি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *