চান্দিনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি ইউপি সদস্যদের ১৭ মাসের ভাতার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের মেম্বাররা।

            অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান উন্নয়ন সহায়তা তহবিল সম্পর্কে ইউপি মেম্বারদের কখনোই অবহিত করেননি। ট্রেড লাইসেন্স ও ট্যাক্স আদায়ের কোনো হিসাব মেম্বারদের না দিয়ে চেয়ারম্যান নিজেই এসব অর্থ আত্মসাৎ করেন। ইউনিয়ন পরিষদের সকল সেবা থেকে সরকারি ফি’র অতিরিক্ত টাকা আদায় করতেন তিনি।

            মেম্বার মো. মনু মিয়া অভিযোগ করেন, ওই ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মুক্তিযোদ্ধা মো. বাচ্চু চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ দেখিয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে ৩ লাখ টাকা আত্মসাৎ করেন। একই ওয়ার্ডে অপর একটি কাজের প্রকল্প দেখিয়ে কাজ না করেই আরও ৩ লাখ টাকা এবং ৪০ দিনের কর্মসূচির আওতায় ভুয়া প্রকল্পের কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। একইভাবে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তুলে ধরে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার মো. আল-আমিন।

            অভিযোগের বিষয়ে জানতে মাধাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

            এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *