👁 279 Views

চান্দিনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কায় ৩ জন নিহত

            নিজস্ব প্রতিনিধি\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

            গত ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কে চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের সবাই পুরুষ। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

            উদ্ধারের কাজে নিয়োজিত থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল বাসটি। বাসটি চান্দিনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

            ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং থানার এসআই মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যান্য কোনো যানবাহনের ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত গতিতে থাকার কারণে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

            চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার লিডার বাহারুল ইসলাম জানান, তিশা প্লাস পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কুমিল্লা যাচ্ছিল। চান্দিনার ইন্দ্রারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা যায়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

            চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফুর রহমান জানান,  আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে আপাতত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হচ্ছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *