👁 45 Views

জামিন পেলেন ছেলের পরিবর্তে গ্রেফতার হওয়া সেই মা

   নিজস্ব প্রতিনিধি\ ছেলের পরিবর্তে গ্রেফতার হওয়া সেই মা আনোয়ারা বেগমের জামিন দিয়েছে আদালত। গত সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমতলী আদালতের বিচারক এ এইচ এম আলাউদ্দিন মাহমুদ এই জামিন মঞ্জুর করেন। জামিন আবেদন করেন আইনজীবী উত্তম কুমার মজুমদার।

            উল্লেখ্য, নাঙ্গলকোটে শ্বশুরের মামলায় আসামি মেয়ে জামাইকে না পেয়ে তাঁর মা আনোয়ারা বেগমকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আনোয়ারা বেগম উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের চান্দপুর গ্রামের মুন্সি মিয়ার স্ত্রী।

            আসামি আমির হোসেনের দাবি, তাঁর মা ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আসামি না হওয়ার পরও পুলিশ তুলে নিয়ে গেছে। অন্যদিকে পুলিশ বলছে, মামলার তদন্তে আনোয়ারা বেগমের সম্পৃক্ততা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

            পুলিশ জানিয়েছে, আনোয়ারার ছেলে রবিউল হোসেন একই গ্রামের এক কিশোরীকে বিয়ে করেন। এ বিয়ে না মেনে ২রা আগস্ট কিশোরীর বাবা জাহাঙ্গীর বাদী হয়ে রবিউলসহ একই পরিবারের চারজনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় অপহরণ মামলা করেন।

            রবিউল ছাড়া এ মামলার আসামিরা হলেন- তাঁর ভাই আমির হোসেন, মোহাম্মদ মুস্তফা এবং বোন তাজনেহার বেগম। তবে এজহারে আনোয়ারা বেগমের নাম ছিল না। আসামিদের মধ্যে রবিউল হোসেন পলাতক। বাকিরা আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।

            আমির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই রবিউলকে বাড়িতে না পেয়ে নাঙ্গলকোট থানার পুলিশ আমার বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে জবরদস্তি করে তুলে নিয়ে যায়। তিনি আরো বলেন, ‘আমার মা বয়স্ক মানুষ। তিনি ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আসামি না। পুলিশ হয়রানির উদ্দেশ্যে আমার মাকে গ্রেপ্তার করেছে।’

            ওয়ারেন্ট ও এজাহারে নাম না থাকা সত্তে¡ও গ্রেপ্তারের কারণ জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম বলেন, ‘ওসি স্যারকে জিজ্ঞেস করেন।’

            নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘তদন্তে আনোয়ারা বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *