
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে বদলে যাচ্ছে পৃথিবীর চেনা বাস্তবতা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তা—পুরোনো সমস্যার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। এই পরিবর্তনশীল বাস্তবতায় তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, ‘দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি।’
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
‘আগামীকালের পরিস্থিতি অনুমান করা কঠিন’
তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানবসভ্যতার জন্য একদিকে বড় আশীর্বাদ, অন্যদিকে তৈরি করছে সম্পূর্ণ নতুন ধরনের চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামীকালের পরিস্থিতি কী দাঁড়াবে, তা আগে থেকে ধারণা করা মুশকিল।’
তার ভাষায়, নতুন এই বাস্তবতায় পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে প্রতিদিন তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন। তাই তরুণ প্রজন্মের হাতে সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
‘নতুন ইকোসিস্টেমে তরুণরাই এগিয়ে’
জহির উদ্দিন স্বপন বলেন, জ্ঞান এখন আর কোনো নির্দিষ্ট বা স্থির বিষয় নয়; বরং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
পুরোনো প্রজন্মকে নতুন বাস্তবতা অনুধাবনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।’
তিনি মনে করেন, তরুণদের সেই সক্ষমতাকে কাজে লাগাতে পারলে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের সঙ্গে সমাজ ও রাষ্ট্রও দ্রুত মানিয়ে নিতে পারবে।
শুধু পুরোনো সমস্যা নয়, সামনে নতুন সংকটও
তরুণদের দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘদিনের সমস্যার সঙ্গে এখন যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর নানা নতুন সংকট।
তবে তরুণদের নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বিশ্বব্যাপী পুরোপুরি গড়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞানের রূপান্তর এবং দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।
তরুণদের সক্ষমতায় আস্থা সরকারের
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপে তরুণ সমাজের সক্ষমতার ওপর আস্থার বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।