👁 263 Views

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি পৌঁছান। এর আগে দুপুর ২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান। তথ্যটি প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেছেন।

সফরে অভিবাসন ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে বলে রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান। ১২ আগস্ট পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে একটি সমঝোতা স্মারকসহ মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া একই দিনে একটি ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৩ আগস্ট।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *