👁 261 Views

নির্ধারিত সময়ে নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে মানুষের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা প্রয়োগের জন্য দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টাব্যাপী টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আলাপে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক–সংক্রান্ত আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে মতবিনিময় হয়।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি। এ সময় তিনি শহীদ ওসমান হাদির বৃহৎ জানাজার বিষয়টিও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে বিপুল অর্থ ব্যয় করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি রয়েছে। এই সময়ের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে, যাতে এটি স্মরণীয় হয়ে থাকে।

ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *