👁 313 Views

পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল

পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে দেশটির অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার দেশটির সংসদের নিমকক্ষ জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে চূড়ান্ত আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন তিনি।

রাজা রিয়াজ বলেন, আমরা আগেই বলেছিলাম, ছোট কোনো প্রদেশ থেকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়া উচিত। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হবেন বলে আমরা ঐকমত্যে পৌঁছেছি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির বিরোধী দলীয় এই নেতা বলেন, ‘আমি তার নাম দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তার বিষয়ে সম্মতি দিয়েছেন… আমি এবং প্রধানমন্ত্রী সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।’

আগামীকাল (রোববার) অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাকার শপথ নেবেন বলে জানিয়েছেন রাজা রিয়াজ।

এর আগে শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ জানান, অন্তর্র্বতীকালীন সরকার প্রধানের নাম শনিবারের মধ্যে চূড়ান্ত করা হবে। এমনকি শুক্রবার রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেছিলেন শাহবাজ। সেখানে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করেছেন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করতে দেরি হচ্ছে কারণ রাজা রিয়াজকে ‘বন্ধুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা’ হিসেবে ভরসা করতে পারছে না সরকার পক্ষ। তিনি এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্র ডনকে জানিয়েছে, পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলেছেন যেন প্রাক্তন অর্থমন্ত্রী ইসহাক দারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। যদি দারকে মনোনীত না করা যায় তবে সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে মনোনীত করতে বলেছেন তিনি।

অপর দিকে রিয়াজ চেয়েছিলেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানিকে মনোনীত করতে। এমনকি শুক্রবার রিয়াজ, দার ও আহসান ইকবালের সঙ্গে সানজরানি সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *