👁 438 Views

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন

প্রথমবারের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার।

নিবন্ধিতদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী। দেশভিত্তিকভাবে যুক্তরাষ্ট্র থেকে ১৪,২৩৬ জন, দক্ষিণ কোরিয়া থেকে ৯,০৭৫ জন, কানাডা থেকে ৭,০৮৭ জন, জাপান থেকে ৬,৪৫২ জন, অস্ট্রেলিয়া থেকে ৬,০২৭ জন এবং দক্ষিণ আফ্রিকা থেকে ৪,৪৮০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সৌদি আরবসহ সাতটি দেশে ঠিকানা-সংক্রান্ত তথ্য ভুল বা অসম্পূর্ণ হওয়ায় সাময়িকভাবে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ ছিল। তবে আজই পুনরায় চালুর আশা করছে ইসি। ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, সাত দেশেই দ্রুত নিবন্ধন পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।

ইসি কর্মকর্তারা জানান, ব্যালট পাঠানোর জন্য ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দিতে হবে। অনেকেই বাধ্যতামূলক ঘরে ভুল তথ্য দেওয়ায় নিবন্ধন সাময়িক বন্ধ করতে হয়েছে। প্রবাসীদের দূতাবাসসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্য প্রদানের নির্দেশনা দেওয়া হবে।

ইতোমধ্যে ইসি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি বিশ্বের সব দেশের প্রবাসীদের জন্য উন্মুক্ত করেছে। বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২:০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত যেকোনো দেশ থেকে যেকোনো সময় নিবন্ধন করা যাবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে বাংলাদেশি নাগরিকদের ভোটদানের সুযোগ সৃষ্টি দেশের নির্বাচনী ইতিহাসে বড় পদক্ষেপ। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার এবং কর্মস্থল-বহির্ভূত এলাকায় থাকা সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু হয়েছে, যাতে প্রায় ১০ লাখ ভোটার সুবিধা পাবেন।

প্রবাসী ভোটারদের অবশ্যই ভোট দেওয়ার দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে নির্দেশনা অনুসরণ করে সঠিক ঠিকানা প্রদান করলে বিদেশে ব্যালট পৌঁছানো নিশ্চিত হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *