👁 47 Views

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি তারা দেখতে চান না।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে সহমর্মিতা প্রকাশকালে এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে সংঘটিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনি গভীর নিন্দা ও প্রতিবাদ জানান।

পরিদর্শনকালে মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবনের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি পত্রিকাটির জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার দিন কীভাবে পরিস্থিতির অবনতি ঘটে, সে সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, তখন মতপ্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা অত্যন্ত জরুরি। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর কখনোই দেখতে চাই না। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।”

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য গণমাধ্যমের প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখা, নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং সবার জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, উপ-সম্পাদক লাজ্জাত এনাব মহসি এবং হেড অব অনলাইন শওকত হোসেন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *