👁 331 Views

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন।

বৈঠকে অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দিয়ে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি স্মরণ করিয়ে দেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা ইস্যুতে যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হচ্ছে, সেটিও প্রধান উপদেষ্টার উদ্যোগে গৃহীত হয়েছে।

অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের উদারতায় বিশ্ব কৃতজ্ঞ। একই সঙ্গে স্থায়ী সমাধানের আশা জিইয়ে রাখার ক্ষেত্রে আপনার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসনীয়।”

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘমেয়াদি সংকট নিরসনে কার্যকর সমাধানের পথ খুলে দেবে। তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবা প্রদান ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ সময় তিনি পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অ্যান্ড্রুজকে অব্যাহত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন পক্ষকে যুক্ত করে বাংলাদেশ গঠনমূলক ভূমিকা পালন করছে। তবে রাখাইন রাজ্যে স্থিতিশীলতা আনা ও শরণার্থীদের প্রত্যাবর্তনের পরিবেশ তৈরির লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল স্থাপনের উদ্যোগ বিদ্বেষমূলক প্রচারণায় বাধাগ্রস্ত হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

তবুও তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত একটি টেকসই সমাধান সম্ভব হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশকে নেতৃত্ব অব্যাহত রাখতে আহ্বান জানান।

উল্লেখ্য, টম অ্যান্ড্রুজ আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফর করছেন। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *