👁 427 Views

প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাদের জন্য পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।”

তিনি আরও জানান, প্রবাসীরা সাধারণত বাংলাদেশ বিমানে যাতায়াত করেন, কারণ এতে ভাষা ও খাবারের সুবিধা পান। এজন্য বাংলাদেশ বিমানের সার্ভিসের মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ই-গেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই যাত্রীদের জন্য ই-গেট ব্যবহারের ব্যবস্থা করা হবে, যেখানে ই-পাসপোর্টধারীরা স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত সব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে

শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোববার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা দুর্ঘটনার কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

নির্বাচন নিয়ে সংশয় বা চ্যালেঞ্জ আছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন,

“সংশয় নেই, তবে চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও জানান, গত তিনটি জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের এবার দায়িত্ব থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা চলছে, যাতে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হয়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, আইজিপি বাহারুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *