প্রান্তিক পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত কাঠামো অনুযায়ী এ কমিটি গঠন করেছে।

কমিটির গঠন

অর্থমন্ত্রী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, নারী ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।

এ ক্ষেত্রে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত থাকবেন।

কমিটির দায়িত্ব

কমিটি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের উপযোগী নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী বাছাইয়ের পদ্ধতি নির্ধারণ করবে। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।

সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল ডাটাবেজের আন্তঃসংযোগের মাধ্যমে একটি ডিজিটাল এমআইএস প্রণয়নের সুপারিশ করা হবে। আসন্ন ঈদুল ফিতরের আগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের লক্ষ্যে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *