👁 468 Views

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি তৎপরতা বা জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “সকলের সহযোগিতায় দেশ থেকে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছে। মিডিয়া, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার ভূমিকাই ছিল গুরুত্বপূর্ণ।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত ১০ মাসে আপনারা কোনো জঙ্গিবাদের তথ্য দিতে পারেননি, কারণ এখন দেশে জঙ্গিবাদ নেই। যখন ছিল, তখন তথ্য পাওয়া যেত।”

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট করে বলা হয়েছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনের কথা বলেছেন, তারা এখনো দেশে আসেনি। তাদের বিষয়ে যোগাযোগ চলছে এবং তদন্ত করে দেখা হবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

কার্গো ভিলেজ পরিদর্শন নিয়ে তিনি বলেন, “কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি, ফলমূলসহ নানা কৃষিপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের অংশ হিসেবেই আমি এসেছি।”

তিনি আরও জানান, দেশের রপ্তানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে হিমাগারের ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন এক্সপোর্ট টার্মিনাল চালু হলে স্ক্যানিং শেষে বিমানে পাঠানো না গেলে পণ্যগুলো সরাসরি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা যাবে—যা বর্তমানে সম্ভব নয়।

উপদেষ্টা বলেন, “আমরা শুধু একটি বা দুটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। নানা ধরনের কৃষিপণ্য কীভাবে রপ্তানি করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।” বাসস।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *