👁 68 Views

ভালোবেসে বিয়ের ৪ দিনের মাথায় প্রেমিকের আত্মহত্যা

            নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার মুরাদনগরে ভালোবেসে বিয়ের ৪ দিনের মাথায় প্রেমিকার বিচ্ছেদে আত্মহত্যা করেছেন হবিউল্লাহ নামে এক যুবক। গত শুক্রবার সন্ধ্যায়  উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হবিউল্লাহ (২০) দিঘীরপাড় গ্রামের ইয়ার হোসেনের ছেলে।

            জানা গেছে, বেশ কিছুদিন ধরে দিঘীরপাড় গ্রামের ইয়ার হোসেনের ছেলে হবিউল্লাহর সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির জসিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের ভালোবাসার সম্পর্ক চলে আসছিল। একপর্যায়ে পরিবারের লোকজন এ সম্পর্কের কথা জেনে গেলে গত সোমবার কাউকে না জানিয়ে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এ বিষয়ে মেয়ের বাবা জসিম মিয়া মুরাদনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

            বৃহস্পতিবার রাতে মেয়ের পরিবার থেকে বিয়ের সম্পর্ক মেনে নেয়ার আশ্বাস পেয়ে তারা দু’জনেই ছেলের বাড়িতে চলে আসে। বিষয়টি জানতে পেরে ওই রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই ওমর মেয়েটিকে সেখান থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

            মেয়েকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে পূর্বের দেয়া কথা না রেখে ছেলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়ে উল্টো তার পরিবারকে হুমকি দেয়া হয় কোনো প্রকার যোগাযোগ না রাখতে। প্রেমিক হবিউল্লাহ এই মানসিক চাপ ও অপমান সহ্য করতে না পেরে শুক্রবার বিকালে বিষপানে আত্মহত্যা করেন।

            এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, খবর পেয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *